চিনবে না কেউ- এই আমাকে!
এই যে এতো আলো, স্যাটেলাইট নামক শকুনের চোখ,
পৃথিবীর ভেতর-বাহির উন্মাদ হয়ে খুঁজে বেরান আমার মুখ।
অত্যাধনিক সিটি স্ক্যানেও আমার অস্তিত্ব কই,
আলো-ছায়ার ভিড়ে আমি শুধু ছায়া হয়ে রই;
সামান্য অবোধ মানবী তুমি চিনবে বা কতটুকুই।
দিন বদলের এ খেলায় নিজেকে হারিয়েছি রোজ
তোমার গিরগিটি রূপ দেখে রাখা হয় নি খোঁজ।
বদলাই নীরবে-
চোখে চোখ রেখে কেউ বলেনিÑ
“তুমি ঠিক আছো তো?”
ভাঙা আয়নায় নিজের ছায়াও আজ অপরিচিত।
এই অমলিন মুখ, এই নিদ্রাহীন চোখ দেখে,
তোমার মত চিনবে না কেউ! বুঝবে না কেউ-
তোমার বিরহে কত রাত না ঘুমিয়ে হয়েছে ভোর;
অপ্রতিম তোমার ভালবাসার বর্ননায়
শব্দেরা হারিয়ে যায় ভাষার ভিতর।
নীরবতার অনুবাদে রয়ে যাবে তুমি
আমাকে কেউ চিনুক বা না চিনুক
তোমাকে সবাই বিশ্ব ঘাতক রূপে ঠিকই চিনে নিবে।



